একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের তিন রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।
তারা হলেন আব্দুল লতিফ তালুকদার, শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেন। তাদের বিরুদ্ধে ৭টি অভিযোগ আনা হয়েছে। চার্জ গঠনের পর ট্রাইব্যুনাল তাদের বিচার শুরুর আদেশ দিয়েছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বুধবার এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর তারিখ ধার্য করেন।
আগামী ২ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে এ মামলার শুনানি শুরু হবে।
অভিযোগ ১: একাত্তরের ১৩ মে জেলার রঞ্জিতপুর গ্রামে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৪০-৫০ জন নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা হয়। এসময় বাড়িঘর লুট এবং অগ্নিসংযোগ করা হয়।
অভিযোগ ২: ভারতের শরণার্থী শিবিরে যাবার উদ্দেশে রামপাল থানার ডাকরার কালীমন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুই-তিন হাজার লোক সমবেত হন। ১৯৭১ সালের ২১ মে তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে ৬০০-৭০০ জনকে হত্যা করা হয়।
অভিযোগ ৩: ১৯৭১ সালের ১৮ জুন সদর থানার বেসরগাতী, কান্দাপাড়া এলাকায় ১৯ জন নিরীহ নিরস্ত্র লোককে আটক, নির্যাতন, অপহরণ ও হত্যা করা হয়।
অভিযোগ ৪: ১৯৭১ সালের ১৪ অক্টোবর সদর থানার চূলকাঠিতে হামলা চালিয়ে ৫০টি বাড়ি লুট ও অগ্নিসংযোগ করা হয়। এসময় সাতজন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়।
অভিযোগ ৫: ১৯৭১ সালের ৫ নভেম্বর কচুয়া থানার শাখারিকাঠি হাটে হামলা চালিয়ে ৪২ জনকে আটক, নির্যাতন ও হত্যা করা হয়।
অভিযোগ ৬: ১৯৭১ সালের ২২ অক্টোবর কচুয়া থানা সদরের বিভিন্ন গ্রাম থেকে নিরস্ত্র পাঁচজনকে আটক, নির্যাতন, অপহরণ ও হত্যা করা হয়।
অভিযোগ ৭: ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মোড়েলগঞ্জ থানার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিকদারকে হত্যা করা হয়।


No comments:
Post a Comment