সরাদেশে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আগামীকাল বুধবার ৪ জেলায় হরতাল ডাকা হয়েছে।
সিলেট, নোয়াখালী, পাবনা, রংপুর জেলার ছাত্রদল- ছাত্রশিবিরসহ বিএনপির অঙ্গ সংগঠন মঙ্গলবার সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জেলায় হরতাল আহ্বান করে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট: সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
মঙ্গলবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্যে নগর সভাপতি আব্দুর রাজ্জাক এ হরতালের ডাক দেন।
নোয়াখালী: আগামীকাল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেল ৪টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান হরতালের বিষয়টি সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে নিশ্চিত করেন।
তিনি জানান, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।
পাবনা: পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় বিএনপির নেতাকে আটকের ঘটনায় জেলায় বুধবার পৃথক হরতালের ডাক দেয়া হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে আটকের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে পাবনা জেলা ছাত্রদল হরতালের ঘোষণা দেয়।
মঙ্গলবার বেলা ২টায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট স্বাক্ষরিত এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
রংপুর: বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করাসহ দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হয়রানির প্রতিবাদে রংপুর মহানগর ও জেলায় বুধবার শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর মিস্ত্রিপাড়ায় হাজীরখামার মাঠে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন জেলা যুবদল সভাপতি রইচ আহম্মেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রইচ অভিযোগ করে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ইচ্ছে করেই দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রখেছে। দলের নেতাকর্মীদেরকে খালেদা জিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করছে। এভাবে সরকার ক্ষমতায় বেশি ঠিকে থাকতে পারবে না।’
উল্লেখ্য, এর আগেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ মঙ্গলবার ৭ জেলায় হরতাল পালন করে ২০ দলীয় জোটসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গত সোমবার ঢাকা বিভাগের ১৪ জেলাসহ ১৬ জেলায় হরতালের ডাক দেয় ছাত্রদল ও বিশ দলীয় জোট।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment