শপথ নিয়েই দুই ঘন্টার মধ্যে নগর পিতার আসনে বসলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনিসুল হক।
প্রথম দিনেই নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা কর্মকর্তা-কর্মচারিদের স্মরণ করিয়ে দিলেন তিনি। এজন্য সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন নতুন মেয়র।
ভুধবার শপথ নিয়েই দুপুর ১২টার দিকে নগর ভবনে আসেন মেয়র আনিসুল হক। এসময় তাকে উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নগরপিতার নির্দিষ্ট আসনে বসেন তিনি। ডিসিসি উত্তরের শ্রমিক সংগঠনগুলো একে একে ফুলের তোড়া দিয়ে নতুন মেয়রকে অভিনন্দন জানান।
প্রথম দিনে প্রায় দুঘন্টা অফিস করেন আনিসুল হক। কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে পরিচিত হন তিনি। এসময় করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকা-ের খোজ খবরও নেন নতুন মেয়র। দ্রুত সময়ের মধ্যে উত্তর সিটি করপোরেশনকে সর্বোচ্চ সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি মনযোগ দিয়ে কর্মকর্তা-কর্মচারিদের কাজ করার আহ্বান জানান।
আনিসুল হক বলেন, ‘নগরবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়ে আমি মেয়র নির্বাচিত হয়েছি, সেসব প্রতিশ্রুতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করাই আমার অঙ্গীকার। সবাই নিজ নিজ জায়গা থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করলে এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতায় প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নগরবাসীর প্রত্যাশা পুরণ করা সম্ভব হবে।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মনোয়ার জানান, দুপুর ১২টার দিকে নতুন মেয়র করপোরেশনে আসেন। সবার সঙ্গে পরিচিত হবার মধ্যদিয়ে তার প্রথম দিন অতিবাহিত হয়েছে। আগামীকাল কিংবা রোববার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন।
এতদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে ড. রাখাল চন্দ্র বর্মণ দায়িত্ব পালন করছিলেন। নতুন মেয়রদের শপথ গ্রহণের দিনই ঢাকা সিটির দুই প্রশাসককে প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে ড. রাখাল চন্দ্র বর্মণ পাট অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment