দেশ জুড়ে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। আধা ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পের ঘটনা ঘটে। প্রথম দফায় দুপুর ১টা ৫ মিনিটে এবং দ্বিতীয় দফায় ১টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
মঙ্গলবার দুপুর ১টা ৯মিনিটে প্রথম দফায় ৭ দশমিক ৪ মাত্রায় কম্পন অনূভূত হয়। স্থায়ী হয় ১৮ সেকেন্ড।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই রাজধানীর অফিসগুলো থেকে লোকজন নেমে যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নাটোরের গুরুদাসপুর থেকে একজন পাঠক সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমের অফিসে ফোন করে জানান, এবারে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। আশেপাশের ঘরবাড়িগুলো যেন দুলছিল। মনে হচ্ছিল এখনি ভেঙে পড়বে।
এদিকে লালমনিরহাট থেকে আরেক পাঠক জানান, সেখানেও বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চট্টগ্রাম থেকে অন্য আরেকজন পাঠক ফোন করে জানান, এবারের ভূমিকম্পে চট্টগ্রামের সব বিল্ডিং কেঁপে ওঠে।
অন্যদিকে আবহাওয়া অফিস ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এবারে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল নেপালের কাঠমান্ডু থেকে ৮৩ কিলোমিটার পূর্বে চীন সীমান্তের কাছাকাছি। পাশাপাশি নয়াদিল্লিসহ ভারতের অনেক রাজ্যে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা মবিনুল ইসলাম জানান, দুপুর ১টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল নেপাল। সেখনে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৬১১ কিলোমিটার। তিনি বলেন, ‘এটি একটি মেজর ক্যাটাগরির ভূমিকম্প।’
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনে। নেপালের কাঠমান্ডু থেকে এর দূরত্ব ৮৩ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হলে রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন তাড়াহুড়া করে নিচে নেমে যান।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ওইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট ১৬ সেকেন্ডে রিখটার স্কেল ৪ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্প হয়। নেপালের হিতুরা থেকে ২৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তস্থল।
ওই দিনই সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রিখটার স্কেল ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের শিলিগুড়ির মিরিক থেকে দক্ষিণ-পশ্চিমে পাঁচ কিলোমিটার দূরে ৬৭ দশমিক ১ কিলোমিটার গভীরে।
তার আগের দিনও দুপুর ১টা ৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এর আগে ২৫ এপ্রিল নেপালে ভূমিকম্প হলে বাংলাদেশেও তা অনুভূত হয়। ওই ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment