ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল আবাহনী লিমিটেড। তৃতীয় রাউন্ডে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ৬ রানে হেরেছে তারা।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৯ রান করে শেখ জামাল। জবাবে পুরো ৫০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান তুলতে পারে আবাহনী।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমান ও অমিত মজুমদার ভালো শুরু এনে দেন শেখ জামালকে। ৪৮ রান করে অমিত আউট হওয়ার উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন এ দুজন।
ভালো শুরুর পর অবশ্য একটা ধাক্কা খায় শেখ জামাল। বিনা উইকেটে ৭২ করার পর ৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে থেকে তারা।
এরপরও শেখ জামাল ২০০ পেরুনো স্কোর গড়তে পারে লিয়াম অ্যান্ড্রু ডসনের অর্ধশতকের কল্যাণে। ৫৫ বলে ৬৪ রান করেন তিনি। ইনিংসটি তিনি সাজান ৩টি চার ও ৩টি ছয়ে।
আবাহনীর নাজমুল অপু ২৯ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট নেন জিয়াউর রহমান, নাসির হোসেন ও সাকলাইন সজীব।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি ভালো হলেও এক সময় ৭৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আবাহনীর ইনিংস দিগভ্রান্ত হয়ে যায়।
এরপরও আবাহনী জয়ের স্বপ্ন দেখছিল রকিবুল হাসানের ব্যাটে। কিন্তু ৪৭.২ ওভারে দলকে ১৯৮ রানে রেখে রকিবুল আউট হয়ে গেলে তাদের সেই আশা শেষ হয়ে যায়। ডসনের বলে শাহরিয়ার নাফীসের হাতে ক্যাচ দেয়ার আগে ১০২ বলে ৫টি চার ও একটি ছয়ে ৮৩ রান করেন রকিবুল। আবাহনীর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার। ৩৯ বলে ৩৪ রান করেন তিনি।
শেখ জামালের পক্ষে ৩৫ রানে ৩ উইকেট নেন সাজু দত্ত। দুটি করে উইকেট নেন সোহাগ গাজী, নাহিদুল ইসলাম ও ডসন।


No comments:
Post a Comment