ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, গণিত বিভাগের জহিরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের মাসুম ও পরিসংখ্যান বিভাগের জিসান। এরা সবাই প্রথম বর্ষের ছাত্র ও শহীদুল্লাহ হলে থাকেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় এই চারজনকে চিহ্নিত করা হয়।’
উল্লেখ্য, গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরঘাটে দুই ভাগ্নিকে নিয়ে বেড়াতে এসে হামলার শিকার হন বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির পরিচালক আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ। তার মাথা ফেটে যায়। তার সঙ্গে থাকা দুই ভাগ্নিকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন হামলাকারীরা।
এ ঘটনায় ওই দিন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমতিয়াজ আলম বেগ।


No comments:
Post a Comment