জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম সেমিস্টারের ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৩ নভেম্বর রোববার থেকে।
ভর্তি পরীক্ষায় ১ম মনোনয়নপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম ২৩ নভেম্বর থেকে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে ১১ ডিসেম্বর থেকে শুরু হবে কোটায় মনোনয়ন প্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে জানানো হয়, ভর্তির সময় শিক্ষার্থীদের মনোনয়নপ্রাপ্ত বিভাগ থেকে সংগৃহীত ফরম স্বহস্তে পূরণ করতে হবে।
ছাত্র-ছাত্রীদের সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রত্যেকটির দুটি করে ফটোকপি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এর দুটি ফটোকপি, এইচএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র আনতে হবে।
ভর্তির সময় বিভাগীয় সেমিনার, বিবিধ ও অন্যান্য ফি (যা কেন্দ্রীয়ভাবে নির্ধারিত) জমা দিতে হবে এবং ছবি ও ফটোকপিগুলো সংশ্লিষ্ট বিভাগের কোন শিক্ষক কর্তৃক সত্যায়িত হতে হবে।
অপরদিকে, কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ১১ ডিসেম্বর সকাল ৯টায় সংশ্লিষ্ট ইউনিটে যোগাযোগ করতে হবে। তবে বিজ্ঞান অনুষদে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ব্যতীত (FFG) অন্য সকল কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। সঠিক প্রমাণাদি ব্যতীত কাউকে ভর্তির সুযোগ দেয়া হবে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানানো হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় মনোনয়নে নির্বাচিতব্য শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত, ৩য় মনোনয়নে নির্বাচিতব্য শিক্ষার্থীদের ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং ৪র্থ মনোনয়নে নির্বাচিতব্য শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩০ ডিসেম্বর ২০১৪ হতে ১ জানুয়ারি ২০১৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের তালিকা ও অন্যান্য নির্দেশনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।
মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে নির্ধারিত বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। প্রবেশপত্রে শিক্ষার্থীদের উল্লেখিত বিষয় পছন্দক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় কোনভাবেই পরিবর্তন করা যাবে না।
ভর্তি হওয়া শিক্ষার্থী আসন খালি ও যোগ্যতা থাকা সাপেক্ষে প্রবেশপত্রে উল্লেখিত বিষয় পছন্দক্রম ও মেধানুসারে বিষয় পরিবর্তন/মাইগ্রেশনের জন্য পরবর্তীতে বিবেচিত হবেন।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে ৫ জানুয়ারি, ২০১৫।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment