বাংলাদেশে বর্তমানে ১০ থেকে ২৪ বছর বয়সী নাগরিকের সংখ্যা ৪ কোটি ৭৬ লাখ। যা জনসংখ্যার ৩০ শতাংশ। বিপুল সংখ্যক এ তরুণ-তরুণীদের এক বড় অংশ এখনো শিক্ষা থেকে বঞ্চিত ও বেকার। উন্নয়ন করতে হলে তরুণদের জন্য বিনিয়োগ করতে হবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বার্ষিক জনসংখ্যা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
তারুণ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বর্তমানে তরুণ-তরুণীর সংখ্যা ১৮০ কোটি। অথচ তরুণদের চাহিদার প্রতি খুব একটা নজর দেওয়া হয় না। যেসব দেশ এসব তরুণদের প্রতি নজর দেবে না, সেসব দেশে স্বাভাবিকভাইে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে। ফলে এসব দেশে নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়বে।
বিশ্বে যুবকদের মধ্যে বেকারত্ব বাড়ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর ৬০ শতাংশ যুবকই কর্মহীন অথবা স্কুল বিমুখ। অনিয়মিত কাজ বা চাকরি তাদের অবলম্বন। বিশ্বের ৫০ কোটিরও বেশি যুবক-যুবতীর দৈনিক আয় দুই ডলারের কম। এখনো প্রতিদিন গড়ে প্রায় ৩৯ হাজার মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হচ্ছে।
এসব সমস্যাকে জটিল বলা হলেও সেগুলো সমাধানযোগ্য বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এজন্য যুবকদের উপার্যনের সুযোগ করে দিতে হবে। যুবকদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
যুব সমাজের জন্য বিনিয়োগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো জনসংখ্যা সুবিধা পেতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।
রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০১৫ সালের পর টেকসই উন্নয়ন কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে তাতে সব দেশে বৃহত্তর মানব কল্যাণ ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পপুলেশন কাউন্সিলের দেশীয় পরিচালক ওবায়দুর রব, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment