সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেনকে হত্যা অভিযানের বিষয়ে পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সেইমোর হার্শের প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট মঙ্গলবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন।
লন্ডন বুক রিভিউতে প্রকাশিত এক নিবন্ধে সেইমোর হার্শ আমেরিকা ও পাকিস্তানের সাবেক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করছেন, ওসামা বিন-লাদেনকে হত্যার অভিযানের বিষয়ে ডাহা মিথ্যা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের ভূমিকাকে বড় করে দেখানো এবং বিন লাদেন বিরোধী অভিযানের কৃতিত্ব নেয়ার জন্য এক্ষেত্রে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসের ভূমিকার কথা ধামাচাপা দিয়েছেন তিনি। এছাড়া আড়াই কোটি মার্কিন ডলারের বিনিময়ে আইএসের এক কর্মকর্তার কাছ থেকে বিন লাদেনের অবস্থান জেনেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। হত্যার পর বিন লাদেনের লাশ সাগরে ফেলে দেয়া হয় নি বরং তাকে আফগানিস্তানে কবর দেয়া হয়েছে।
জশ আর্নেস্ট বলেন, হার্শের নিবন্ধের কোনো তথ্যই সঠিক নয়। হার্শের তথ্য মিথ্যা তা প্রমাণ করতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উপ পরিচালক মাইক মোরেলের বক্তব্য তুলে ধরেন জশ আর্নেস্ট। মোরেল দাবি করেছেন, হার্শের নিবন্ধের প্রতিটি শব্দই ভুল। এ ছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক পিটার বারগেনের বক্তব্যও তুলে ধরেন আর্নেস্ট। বারগেন দাবি করেন, হার্শের নিবন্ধে যে সব সত্য কথা বলা হয়েছে তা নতুন নয় আর নতুন যে সব কথা বলা হয়েছে তা সত্য নয়।
বিন লাদেন হত্যা মিশনের বিষয়টি পাকিস্তান আগে থেকেই জানতো সেটি অস্বীকার করে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য নেড প্রাইস বলেছেন, অপারেশনের বিষয়টি কেবল গুটিকয়েক মার্কিন কর্মকর্তা জানতেন। আর এটি ছিল কেবলই আমেরিকা পরিচালত অপারেশন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment