দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হার্ডওয়্যার তৈরি বিষয়ক প্রতিযোগিতা ‘মেক-এ-থন’। আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ধানমণ্ডির ইএমকে সেন্টারে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বেটার স্টোরিজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার কাওরান বাজারের বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন বেটার স্টোরিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ার ও বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, জিকি সিইও মাহাদী হাসান সাগর ও বেটার স্টোরিজ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা মোহাইমেন।
সামি আহমেদ বলেন, ‘দেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বেশ কিছু উদ্ভাবন উঠে আসবে। আশাকরি এ ধরণের আয়োজনের ধারাবাহিকতা থাকবে। বেসিসের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।’
মিনহাজ আনোয়ার বলেন, ‘হ্যাকাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সরবরাহ করা হবে যেন তারা তাদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগে এমন কিছু তৈরি করতে পারে। প্রতিযোগীরা নানা কম্পোনেন্ট নিয়ে নতুন নতুন প্রযুক্তি ডেভেলপ করতে পারবেন।’
এ প্রতিযোগিতার তিন জন বিজয়ী ভারতের আহমেদাবাদে আগামী ১০-১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেকার ফেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রযুক্তিপ্রেমী ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, ডিজাইনার যে কেউই ৪৮ ঘণ্টার এই প্রতিযোগিতায় নাম লেখাতে পারেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে টেকশপ বিডি। পাশাপাশি উদ্ভাবিত পণ্যের বাজারজাতেও সহায়তা করা হবে। এছাড়াও ইএমকে সেন্টার, আমরা টেকনোলজিস, দ্য টেক স্কুল আয়োজকদের সহযোগী হিসেবে কাজ করবে।
আগ্রহীরা www.bangladeshstartup.com ওয়েবসাইট থেকে অথবা ০১৭২০৬৩৯৮৪৩ নম্বরে কল করে প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারবেন।


No comments:
Post a Comment