২০১৪-১৫ সালের ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে ইসির। এবার ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন নতুন ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৫৪ শতাংশ বেশি। ৪৬ লাখ (৫ শতাংশ) নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে হালনাগাদের কাজ শুরু করেছিল ইসি।
রোববার নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুর ইসলাম ভোটার তালিকা হালনাগাদের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। গতকাল ১৫ নভেম্বর ভোটার তালিকা হালনাগের শেষ দিন ছিল। যা শুরু হয়েছিল ১৫ মে।
তিনি জানান, ৫১ লাখ ১৭ জনের তথ্য সংগ্রহ করেছিল ইসি। এর মধ্যে ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন ছবি তোলা ও রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেন। এখনো নতুন ভোটারের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করেন সচিব।
নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ জন এবং মহিলা ভোটার ২০ লাখ ৮৮ হাজার ৪৪৫ জন।
তিনি জানান, হালানাগাদে এবার সারাদেশে ৫ লাখ ২৬ হাজার ১২৯ জন মৃত ব্যক্তির নাম কর্তনের আবেদন পাওয়া যায়। এছাড়া স্থানান্তরের আবেদন পাওয়া যায় ৪ লাখ ৬ হাজার ৭৯৯ জনের।
মহিলা ভোটার কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুটা বাস্তবতা আর কিছুটা দুর্বলতার কারণেই এবার মহিলা ভোটার কম হয়েছে। যারা তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেননি। তবে ঢাকা মহানগরে মহিলা ভোটার বেশি হয়েছে।’
সচিব জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮২ জন। যা ভোটার বৃদ্ধির হার শতকরা ৪ দশমিক ৭৭ শতাংশ। মৃত ব্যক্তির নাম কর্তন করা হয়েছে ২৬৩ জনের এবং স্থানান্তর হয়েছে ২ হাজার ২১১ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোটার হয়েছেন ৮৩ হাজার ১৭৮ জন। যা ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ৬৭ শতাংশ। মৃত ব্যক্তির নাম কর্তন করা হয়েছে ৪৪৫ জনের এবং স্থানান্তর হয়েছেন ১ হাজার ৫০৪ জন।
এছাড়া তেজগাঁও উন্নয়ন সার্কেলে ১৭টি ইউনিয়নে নতুন ভোটার হয়েছেন ৫৫ হাজার ৬২৩ জন। নাম কর্তন করা হয়েছে ১৫১ জনের এবং স্থানান্তর হয়েছেন ৯২০ জন। ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় নতুন ভোটার হয়েছেন ২ হাজার ৩৫৮ জন।
সচিব জানান, ২ জানুযারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ১০ দিন ইসির নোটিশ বোর্ডে ওই তালিকা টানানো থাকবে। ১৫ জানুযারি পর্যন্ত ওই তালিকার বিপরীতে দাবি আপত্তি নেয়া যাবে। শুনানি শেষে কমিশনের অনুমতি ক্রমে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


No comments:
Post a Comment