রাজশাহী: রাজশাহীতে ফের পুলিশের ওপর হামলা চালিয়েছে শিবির। এবার তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে একটি খড় বোঝাই ট্রাক ও ভটভটিতে আগুন দিয়েছে অবরোধাকারীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় ভটভটি ও চারঘাট উপজেলায় ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে খড় বোঝাই গাড়ি দুটি পুড়ে যায়।
পুলিশ জানায়, খড় ভর্তি ভটভটিটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রশিবির কর্মীরা তাতে ককটেল নিক্ষেপ করে। এর ফলে ভুটভুটিতে আগুন ধরে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
অপরদিকে জেলার চারঘাট উপজেলা সদরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রাকে অগ্নিসংযোগ করেছে জামায়াত-বিএনপি কর্মীরা।
খড় বোঝাই ট্রাকটিতে ককটেল ছুড়ে মারলে এতে আগুন ধরে যায়।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তজা জানান, দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
এদিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, সন্ধ্যায় শিবিরকর্মীরা সিটি কলেজের সামনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি।
তিনি আরও জানান, ককটেল হামলার পর পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিবিরকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:
Post a Comment